অমিত খিলাড়ি, ডেবরা: বালিচক রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের কাজ চলাকালীন ক্রেন সামান্য স্লিপ করে যাওয়া নিয়ে রেল ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলের ডিআরএম, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (কনস্ট্রাকশন) আশুতোষ আনন্দ, পূর্ত দফতরের আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে গার্ডার লঞ্চ করার সময় ক্রেনটি সামান্য স্লিপ করেছিল। তবে ব্রিজের মূল কাঠামোর কোনও ক্ষতি হয়নি। বিয়ারিং প্লেটের ভিতরের একটি ছোট যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নির্মাণকারী সংস্থা মেরামত করে দেবে। নিরাপত্তার কারণে সেদিন কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
এদিকে পূর্ত দফতর আগামী সপ্তাহে প্রয়োজনীয় কাগজপত্র রেলের কাছে জমা দেবে। এরপর জিএম স্তরে অনুমোদনের প্রক্রিয়া এগোবে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ দিকে রেলওয়ে ব্লক পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। রেলের আশ্বাস, দ্রুত নিরাপদভাবে গার্ডার লঞ্চের কাজ শেষ করে আগামী বছরের শুরুতেই বহু প্রতীক্ষিত বালিচক ওভারব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।



