Chuchura: ভোটগ্রহণের মাঝেই চুঁচুড়ায় চড়ল রাজনৈতিক উত্তাপ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের একাধিক ক্যাম্প অফিসে ভাঙচুর চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় চুঁচুড়ার মনসাতলা ও সংলগ্ন এলাকায়।
তৃণমূলের দাবি, চুঁচুড়ার ২৭, ২৮ এবং ২৯ নম্বর ওয়ার্ডের মনসাতলা ও মাঝেররাস্তা এলাকায় ৩৪৮, ৩৪৯ এবং ৩৩২ নম্বর বুথের জন্য দলীয় ক্যাম্প অফিস খোলা হয়েছিল। অভিযোগ, হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে ক্যাম্প সরিয়ে নিতে বলে। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে লাঠি উঁচিয়ে তাড়া করে এবং ক্যাম্পে ঢুকে চেয়ার-টেবিল উল্টে দেয়। এমনকি ভোটার স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে। তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই পোলিং স্টেশন থেকে ১০০ মিটার দূরে ক্যাম্প করা হয়েছিল, তা সত্ত্বেও কোনও কারণ ছাড়াই এই ভাঙচুর চালানো হয়েছে।
শুধু একটি নয়, তোলাফটক থেকে উত্তর চন্দননগর যাওয়ার রাস্তার ধারে একাধিক তৃণমূল ক্যাম্প অফিসে একই ধরনের ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ শাসকদলের। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে।
যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে তৃণমূল।



