আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে (US Iran War news) এবার তার প্রভাব পড়ল ধর্মীয় আচারেও। রান্নার গ্যাসের সংকটের জেরে পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত ঐতিহ্যবাহী বর্গভীমা মন্দিরে (Bargabhima Temple) সাধারণ ভক্তদের জন্য ভোগ বিতরণ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ।
মন্দির সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ মার্চের পর থেকে অনির্দিষ্টকালের জন্য সাধারণ ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ রাখা হবে। যাঁরা আগে থেকে ভোগের জন্য বুকিং করেছিলেন, তাঁদেরও ফোন করে বিষয়টি জানানো হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, বাণিজ্যিক গ্যাসের সরবরাহে ঘাটতির কারণে আপাতত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।
তমলুকের বর্গভীমা মন্দির সতীর ৫১ শক্তিপীঠের অন্যতম পীঠস্থান। প্রতিদিন এখানে মায়ের জন্য নিত্য ভোগ নিবেদন করা হয় এবং দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের জন্যও ভোগের ব্যবস্থা থাকে। কিন্তু গ্যাসের সংকটের কারণে সেই ব্যবস্থায় সাময়িক ভাবে বিরতি রাখা হচ্ছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পর্যাপ্ত গ্যাস সরবরাহ শুরু হলে আবারও ভক্তদের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা করা হবে।
এদিকে এই সিদ্ধান্তে হতাশ ভক্তরা। অনেকেই দূরদূরান্ত থেকে মায়ের ভোগ গ্রহণের আশায় মন্দিরে আসেন। এক ভক্তের কথায়, “আমরা অনেক দূর থেকে আসি মায়ের ভোগ পাওয়ার আশায়। যদি ভোগ না পাই, তাহলে খুবই খারাপ লাগবে। দ্রুত যেন গ্যাসের সমস্যার সমাধান হয়।”
মন্দির কর্তৃপক্ষও আশা প্রকাশ করেছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে আবার আগের মতোই ভক্তদের জন্য ভোগ বিতরণ শুরু করা যাবে।

