অমিত খিলাড়ি, পিংলা: দলে পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি; আজই মেদিনীপুর আদালতে পেশ।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাইতিকে দলে পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার করলো পিংলা থানার পুলিশ।
অভিযোগ, তৃণমূলের আমলে বর্তমান বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক গোবিন্দ দাসকে দলের পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার ঘটনা ঘটে। সেই অভিযোগের ভিত্তিতেই অজিত মাইতির বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
শুক্রবার ভোরেই পিংলা বিধানসভার মাদপুরে অজিত মাইতির বাড়িতে পুলিশ পৌঁছয়। এরপর সকালে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বর্তমানে অজিত মাইতিকে ডেবরা থানায় রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজই অজিত মাইতিকে মেদিনীপুর আদালতে তোলা হবে। অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারকে ঘিরে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।





