তমলুক: এক নম্বরের ব্যবধানে রাজ্য মেধা তালিকায় জায়গা হয়নি। কিন্তু হাল ছাড়েনি তমলুকের অন্তরীপ মাইতি। আত্মবিশ্বাসের জোরেই রিভিউর আবেদন করে সে। আর সেই আত্মবিশ্বাসই বদলে দিল ভাগ্য। বুধবার প্রকাশিত হল মাধ্যমিকের রিভিউ ফল। দেখা গেল, তিন নম্বর বেড়েছে অন্তরীপের মোট প্রাপ্ত নম্বর। নতুন করে জায়গা করে নিয়েছে রাজ্যের সেরা দশে — অষ্টম স্থানে।
তমলুক হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র অন্তরীপ আগে পেয়েছিল ৬৮৫ নম্বর। পদার্থ বিজ্ঞানে ৯৮ নম্বর ছিল, রিভিউর পরে তা বেড়ে হয়েছে ১০০। আর বাংলাতেও এক নম্বর বেড়েছে অর্থাৎ ৯৬ থেকে বেড়ে ৯৭ নম্বর হয়েছে। ফলস্বরূপ, নতুন মোট নম্বর দাঁড়ায় ৬৮৮।
এই খবর ছড়িয়ে পড়তেই শহরে খুশির হাওয়া। স্কুলে সহপাঠী ও শিক্ষকদের শুভেচ্ছায় ভেসেছে অন্তরীপ। প্রধান শিক্ষক মধুসূদন জানা বলেন, “আমরা জানতাম, ওর জায়গা মেধা তালিকায় হবে। এটা আমাদের গর্ব।”
তমলুক শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অন্তরীপের বাবা অলকানন্দ মাইতি একজন প্রধান শিক্ষক। মা তপতী গৃহবধূ। ভবিষ্যতে গবেষণার জগতেই পা রাখতে চায় অন্তরীপ।



