নৈহাটি (Naihati) রেলস্টেশন সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খালি করে দেওয়া হল রেল কর্তৃপক্ষের নির্দেশে। বুধবার সকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও তার আগেই দলীয় কার্যালয় থেকে জিনিসপত্র সরানোর কাজ শুরু হয়।
এদিন নৈহাটির পৌরপ্রধান Ashok Chatterjee-র উপস্থিতিতে পার্টি অফিস খালি করার কাজ চলে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রেল প্রশাসনের পাঠানো নোটিশে কোনও মেমো নম্বর, সই বা সরকারি সিল ছিল না। ফলে নোটিশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দখলমুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে রেলের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি নেতা Soumyadeep Modak অভিযোগ করেন, তৃণমূলের আমলে অনিয়ম করে ওই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, প্রশাসনিক পদক্ষেপের আশঙ্কাতেই এখন অফিস সরিয়ে নেওয়া হচ্ছে।



