Jhargram Flood: একদিকে অতিবৃষ্টিতে প্লাবিত ঝাড়গ্রামের (Jhargram) বেশ কয়েকটি এলাকা। বৃষ্টি থামলেও গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে জলাধার থেকে জলছাড়া। প্রবল বর্ষণের জেরে ঝাড়খণ্ডের গালুডি (Galudi) ও চান্ডিল (Chandil) জলাধারার (Dam) থেকে এখনও পর্যন্ত ২ লক্ষ ৭৮ হাজার ১৮০ এবং এখন ২ লক্ষ ৭৩ হাজার ৫১৪ কিউসেক (Cusec) জল ছাড়া হয়েছে। আর তার ফলেই সুবর্ণরেখা নদীর জলস্তর বিপদসীমার উপর বইছে।
নদী ফুলে-ফেঁপে উঠতেই উদ্বেগ বাড়ছে ঝাড়গ্রামের নদী তীরবর্তী ব্লকগুলিতে। ইতিমধ্যেই নয়াগ্রাম, সাঁকরাইল, ও গোপীবল্লভপুর ১ ও ২ নম্বর ব্লকের গ্রামগুলিতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। নয়াগ্রামের পাতিনা গ্রামে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে জল। গোটা গ্রাম কার্যত জলমগ্ন। জল উঠে গিয়েছে রাস্তাঘাট, বাড়িঘরের উঠোন পর্যন্ত।

অপরদিকে সাঁকরাইল ব্লকের গড়ধরা গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। তিনি বলেন, “প্রশাসনের তরফে নজরদারি চলছে। নদী তীরবর্তী গ্রামগুলিকে সতর্ক করা হচ্ছে।”

