Tamluk: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরে জুড়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। শেষ দিনে বিজেপির পরিবর্তন যাত্রায়, তমলুকের হরিদাসপুরে অনুষ্ঠিত জনসভা থেকে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে শানালেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা শিশির অধিকারী।
এই দিন বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ সভামঞ্চ থেকে শিশির অধিকারী বলেন, “একসময় মমতা ব্যানার্জী নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর সম্পর্কে তেমনভাবে পরিচিত ছিলেন না। তিনি আরও বলেন, আগে মমতা নন্দীগ্রাম চিনতেন না, পূর্ব মেদিনীপুর চিনতেন না। উনি যেখানেই দাঁড়াবেন সেখানেই আমরা তাঁকে হারাব।”
এদিনের সভায় ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগান তুলে রাজ্যে পরিবর্তনের ডাক দেয় বিজেপি নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, উত্তরপ্রদেশের মন্ত্রী জে. পি. এস. রাঠোর, বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক রাজ্য ও জাতীয় স্তরের নেতৃত্ব।
সভা থেকে শিশির অধিকারী অতীতের প্রসঙ্গ টেনে বলেন, তিনি আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং সেটাকে নিজের ভুল বলে উল্লেখ করেন। সেই জন্য তিনি জনতার কাছে ক্ষমাও চান।
তিনি আরও দাবি করেন, নন্দীগ্রামে বিজেপির জয়ের পর থেকেই রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভা ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে।

