IIT Kharagpur: খড়গপুর আইআইটি চত্বরে ফের ছাত্রমৃত্যুর কালো ছায়া। গত ১৮ এপ্রিলের পর আজ ২৮ এপ্রিল—মাত্র ১০ দিনের ব্যবধানে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হলো। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম সোহম হালদার (২২)। উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকার বাসিন্দা সোহম ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের এম.টেকের ছাত্র ছিলেন।
আজ সকালে সোহমের হোস্টেলের (মদন মোহন মালব্য হল) দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় বন্ধুদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় সিকিউরিটি ও পুলিশকে। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় সোহমকে উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জয়বীর সিং ডোডিয়াও একইভাবে প্রাণ হারিয়েছিলেন। গত বছর থেকে ধরলে এই নিয়ে ক্যাম্পাসে একাধিক পড়ুয়ার মৃত্যুতে আইআইটি কর্তৃপক্ষের ভূমিকা ও পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।



