মহারাষ্ট্রে ফের ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা সামনে এল। এবার দুর্ঘটনার শিকার হল Vande Bharat Express। জানা গিয়েছে, পুনে রেলওয়ে স্টেশনে ঢোকার সময় বন্দে ভারতের একটি কামরা হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। তবে স্বস্তির খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে সোলাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পুনে স্টেশনে প্রবেশের সময় ওই অংশে রেললাইন সংক্রান্ত কিছু কাজ চলছিল। সেই সময়ই ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ এবং প্রযুক্তিগত দল দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করে। আতঙ্কিত যাত্রীদের নিরাপদে নামিয়ে বিকল্প ট্রেনে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। স্টেশনে অতিরিক্ত রেলকর্মী মোতায়েন করে যাত্রী পরিষেবাও জোরদার করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্টের পরই স্পষ্ট হবে ঠিক কী কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটল।



