ঝাড়গ্রাম: নিম্নচাপের প্রভাবে টানা প্রবল বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে ডুলুং নদী। জল বেড়ে গিয়ে চিল্কিগড়ের উপরে থাকা কজওয়ের উপর দিয়ে বইছে স্রোত। ফলে জামবনি ব্লকের প্রায় ২০টি গ্রামের ঝাড়গ্রাম জেলা শহরের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ডুলুং নদীর উপর থাকা কজওয়েটি বর্ষা এলেই জলের তলায় চলে যায়—এ দৃশ্য যেন এখানকার বাসিন্দাদের কাছে নিত্য অভিজ্ঞতা। চিল্কিগড়, গিধনি সহ একাধিক এলাকার মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “প্রতিবার বৃষ্টি হলে এই কজওয়ে জলের তলায় চলে যায়। তখন ঘর থেকে বের হওয়া, হাসপাতালে যাওয়া বা বাজারে পৌঁছনো অসম্ভব হয়ে পড়ে। আমরা দিনের পর দিন জল আটকে থাকি। আমরা দীর্ঘদিন ধরে চিল্কিগড়ে ডুলুং নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি। যা স্বাধীনতার ৭৫ বছর পেরিয়েও সেই দাবি এখনও অপূর্ণ।” Follow us

