কাঁথি: ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি নেতার ভাই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এলাকায়। ঘটনাটি ঘটেছে ১৮ আগস্ট ভগবানপুর দু’নম্বর ব্লকের যুগদিয়া গ্রামে। অভিযোগ, স্থানীয় বাসিন্দা সিতাসি দেবীর বাড়ির গেটের তালা ভেঙে সোনা, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে দুষ্কৃতীরা।
পরের দিন, অর্থাৎ ১৯ আগস্ট সিতাসি দেবী ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তারপরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ডাকাতির ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি। এরপরই পুলিশ গ্রেপ্তার করে ভগবানপুর বিজেপি মণ্ডল-৩ এর সভাপতি তপন মিদ্দার ভাই সমিরণ মিদ্দা সহ আরও তিনজনকে।
ভূপতিনগর থানার সূত্রে খবর, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতার পরিবারের নাম জড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফলে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

