রাতভর দাপিয়ে বেড়াল দাঁতাল হাতির দল! ফের হাতির হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রামের জারুলিয়া ও আউলগেড়িয়া গ্রামের বাসিন্দারা। সূত্রের খবর-রবিবার ভোরে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে প্রায় ১৫-১৭টি দাঁতাল হাতির একটি দল।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ঘুমন্ত অবস্থাতেই হাতির দল তাণ্ডব চালায়। গ্রামের একে একে করে সাতটি কাঁচা বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলে, এবং আরও ৯টি মাটির বাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত করে।

গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই হাতির দলটি জঙ্গলের আশপাশে ঘোরাফেরা করছিল। দিনের বেলা জঙ্গলে থাকলেও, রাত হলেই তার খাবারের খোঁজে হানা দিচ্ছে লোকালয়ে। ফলে আতঙ্কের মধ্যে রাত জেগে কাটাছে বহু মানুষ।

এই বিষয়ে বনদপ্তরকে একাধিকবার জানানো সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের ক্ষোভ বাড়ছে বন দপ্তরের ভূমিকা নিয়ে। ভাঙা বাড়ি, ক্ষয়ক্ষতি আর রাতের আতঙ্ক—সব মিলিয়ে রীতিমতো বিপর্যস্ত ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা।

