অমিত খিলাড়ি, পিংলা : রাখি বন্ধন উৎসব উপলক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল পুলিশ প্রশাসন। পিংলা থানার অন্তর্গত মুন্ডুমারী বাজার এলাকায় পথচলতি সাধারণ মানুষদের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিলেন পুলিশ আধিকারিকরা।
কেবলমাত্র রাখি পরানোই নয়, এদিন রাস্তায় যাতায়াতকারী সাধারণ মানুষদের উৎসবের আনন্দে সামিল করে তাঁদের মিষ্টিমুখও করানো হয় পুলিশের তরফ থেকে। এদিনের এই বিশেষ ও সুন্দর কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিংলা ও সবং জোনের ট্রাফিক ওসি গোপাল রানা এবং পিংলা থানার পুলিশ আধিকারিক রাজেশ পারুয়া।
সাধারণ মানুষের সাথে পুলিশের জনসংযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ট্রাফিক নিয়ম পালনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে পুলিশের এই ভূমিকা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।



