সাঁকরাইল, ঝাড়গ্রাম: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে উন্নয়নের মূল স্রোতে শামিল হতে চলেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের ভালকিশোল লোধাপাড়া। স্বাধীনতার পর থেকে যে গ্রামটি ছিল ব্রাত্য, যেখানে বর্ষা মানেই ছিল অবর্ণনীয় দুর্ভোগ, সেই গ্রামের মেঠো পথ এবার পিচের রূপ নিতে চলেছে।
বাগমারী সংসদের এই ভালকিশোল লোধাপাড়া গ্রামটি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পাকা রাস্তার মুখ দেখেনি। গ্রামবাসীদের আক্ষেপ, বাপ-ঠাকুরদার আমল থেকে তাঁরা শুধু প্রতিশ্রুতিই শুনে এসেছেন। বর্ষাকালে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ত।
অসুস্থ মানুষকে খাটিয়ায় করে নিয়ে যেতে হতো মূল রাস্তা পর্যন্ত।
স্কুলপড়ুয়ারা কাদা মাড়িয়ে স্কুলে যেতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতো।
সম্প্রতি সাঁকরাইলের ভালকিশোল থেকে দোয়ারখোল মৌজা পর্যন্ত এই বহু প্রতীক্ষিত পাকা রাস্তার শিলান্যাস করেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ দ্রুত গতিতে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্বোধনকালে বিধায়ক জানান, “গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা আমাদের অগ্রাধিকার। এই রাস্তাটি তৈরি হলে লোধাপাড়ার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”
রাস্তা তৈরির খবর ছড়িয়ে পড়তেই গ্রামে যেন অকাল হোলি শুরু হয়েছে। বছরের পর বছর কাদা আর ধুলো মাড়িয়ে চলা গ্রামবাসীরা এখন নতুন ও দোরগোড়ায় পাকা রাস্তা হবে—এটা আমাদের কাছে স্বপ্নের মতো।”

