সদ্য বিবাহিত দম্পতির বিয়ের রাতে মাথা ঘুরছিল নববধূর! আর সেই সন্দেহ থেকে স্ত্রীকে দেওয়া হল প্রেগনেন্সি টেস্ট কিট! আর এতেই একেবারে অশান্তির আগুন শ্বশুরবাড়ি জুড়ে। ঘটনা উত্তরপ্রদেশের রামপুর জেলার।
সূত্রের খবর, বিয়ের পর ফুলশয্যার রাতেই মাথা ঘুরতে শুরু করে নববধূর। ক্লান্তি, গরম আর হাই প্রেশারের জন্য এমনটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বর বিষয়টিকে অন্য দৃষ্টিতে দেখেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করতেই কেউ একজন ঠাট্টা করেই বলেন, ‘‘এটা তো প্রেগনেন্সির সিম্পটম হতে পারে রে!’’ ব্যাস, কথাটা মনে গেঁথে যায় বরের।
এরপর আর সময় নষ্ট না করে তিনি। সোজা গিয়ে ওষুধের দোকান থেকে কিনে আনেন প্রেগনেন্সি টেস্ট কিট। আর তা তুলে দেন সদ্য বিবাহিতা স্ত্রীকে!
এতেই ঘটে বিপত্তি। অপমানে একবারে তেতে ওঠেন নববধূ। সঙ্গে সঙ্গেই ফোন করেন বাপের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই হাজির হন মেয়ের বাবা-মা-পরিজন। শুরু হয় চেঁচামেচি, অশান্তি, তর্ক-বিতর্ক। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই মধ্যস্থতায় নামেন স্থানীয় বাসিন্দারা। বসে পঞ্চায়েত বৈঠক।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে মিটিং। শেষে বর ভুল স্বীকার করেন। ক্ষমাও চান স্ত্রী ও শ্বশুরবাড়ির কাছে। লিখিত প্রতিশ্রুতি দেন— ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না। এরপরই মীমাংসা হয় বিষয়টি। তবে প্রশ্ন উঠছে— দাম্পত্যে এতটা অবিশ্বাস কেন? এমন সন্দেহের বীজ কোথা থেকে জন্ম নিচ্ছে?



