Viral News: দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল Abhijeet Bhattacharya ও Shah Rukh Khan-এর দূরত্বের কারণ। একসময় শাহরুখের পর্দার রোম্যান্সে যার কণ্ঠ ছিল অবিচ্ছেদ্য অংশ, সেই অভিজিৎ এবার জানালেন কেন ভেঙে যায় তাঁদের পেশাদার সম্পর্ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ ভট্টাচার্য জানান, শাহরুখ খানের অহংকার এবং তাঁর নিজের আত্মসম্মান— এই দুইয়ের সংঘাত থেকেই তৈরি হয়েছিল দূরত্ব। তাঁর দাবি, বহু অপ্রীতিকর ঘটনার পরও শাহরুখ অন্যদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রেখেছেন, কিন্তু তাঁর ক্ষেত্রে কখনও সেই উদ্যোগ নেননি।
অভিজিতের কথায়, “শাহরুখ চাইলে বড় মনের পরিচয় দিয়ে একবার কথা বলে বিষয়টা মিটিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।” গায়কের দাবি, সৌজন্যবশত একবার দুঃখপ্রকাশ বা আলোচনায় এগিয়ে এলেই হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত।
অভিজিৎ আরও জানান, এক সময় তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে ভেবেছিলেন কেবল শাহরুখ খানের জন্যই গান গাইবেন। কিন্তু সময়ের সঙ্গে শাহরুখের উদাসীন আচরণ তাঁকে আঘাত দেয়। সেই অভিমান থেকেই ধীরে ধীরে দূরত্ব বাড়ে।
সাক্ষাৎকারে বলিউডে গায়কদের প্রাপ্য সম্মান না পাওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর অভিযোগ, ছবির সাফল্যে গায়কদের অবদান থাকা সত্ত্বেও তাঁদের যথাযথ কৃতিত্ব দেওয়া হয় না। উদাহরণ হিসেবে Main Hoon Na ছবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেটে সকলের প্রশংসা হলেও গায়কদের গুরুত্ব দেওয়া হয়নি।
এক সময়ের সুপারহিট জুটি শাহরুখ-অভিজিতের দূরত্ব নিয়ে বহুদিন ধরেই আলোচনা ছিল বলিউডে। এবার সেই বিতর্কে নিজেই মুখ খুলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রবীণ এই গায়ক।





