ঝাড়গ্রামের বেলপাহাড়ির ঘাগরা জলপ্রপাত দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এক যুবতী। সাত বছরের সন্তান জলে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করতে ঝাঁপ দেন মা। সন্তানকে কোনওভাবে নিরাপদে পাড়ে তুলে আনা সম্ভব হলেও তীব্র জলের স্রোতে ভেসে যান ওই মহিলা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কলকাতা থেকে গাড়িতে করে একটি পর্যটক দল ঝাড়গ্রামে আসে। রাতে ওই পর্যটক দলটি ঝাড়গ্রামে থাকেন, এবং তারপর শনিবার দুপুর ১২টা নাগাদ তাঁরা ঘাগরা জলপ্রপাত দেখতে যান। ওই দলেই ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা রাজদীপ দত্ত, তাঁর স্ত্রী প্রীতি দত্ত এবং তাঁদের সাত বছরের সন্তান।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, জলপ্রপাতের কাছে ছবি তুলছিলেন রাজদীপ ও প্রীতি। সেই সময় আচমকাই তাঁদের সাত বছরের সন্তান জলে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন প্রীতি। এরপর সন্তানকে উদ্ধারের জন্য জলে নামেন রাজদীপও। কোনওরকমে ওই সম্পত্তির ছেলেকে উদ্ধার করে পাড়ে তুলতে সক্ষম হলেও। প্রীতিকে উদ্ধার করতে পারা যায়নি।
ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলপাহাড়ি থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। উদ্ধারকাজে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রীতির দেহের সন্ধান মেলেনি।



